“স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি”-ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন পুতিন

মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফলেই ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়েছে মন্তব্য করে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘদিনের এই সংঘাতের সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-সুদানির সঙ্গে মস্কোতে বৈঠকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ফিলিস্তিনিদের নিজস্ব স্বাধীন রাষ্ট্রের প্রয়োজন ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের স্বার্থকে উপেক্ষা করেছে।

ইরাকের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় হামাস-ইসরায়েল চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, হামাস-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ।

পুতিন বলেন, ওয়াশিংটন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে “একচেটিয়া” করার চেষ্টা করেছে এবং তিনি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র বিরোধ সমাধানে তার নিজস্ব ধারণা প্রয়োগে চাপ দিয়েছে।

পরবর্তীতে ক্রেমলিন এক বিবৃতিতে জানায় যে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে ফোনালাপের সময় ইসরায়েল ও গাজায় নিহত বেসামরিক নাগরিকদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন পুতিন।

বিবৃতিতে আরো বলা হয়, ক্রমাগত সহিংসতা বৃদ্ধি এবং বেসামরিক হতাহতের সংখ্যা বিপর্যয়কর বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ফোনালাপে দুই নেতা অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনা প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় এরদোগান বলেন যে, বেসামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা দুঃখজনক এবং তুরস্ক এই ধরনের কাজকে স্বাগত জানায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *