SPORTS: কে সেরা অলরাউন্ডার? লড়াইটা হবে আজ রশিদ-জাদেজার

আর বাকি মাত্র আর কয়েক ঘন্টা। তারপর নিজেদের আসরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে স্বাগতিক ভারত এবং আফগানিস্তান। প্রথম ম্যাচে দুই দলের অভিজ্ঞতা সম্পূর্ণ বিপরীত। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত বিশ্বকাপের মিশন শুরু করেছে। অন্যদিকে আফগানিস্তান বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়েছে। ফলে ভিন্ন ভিন্ন স্মৃতি নিয়ে আজ তারা মাঠে নামছে। দিল্লিতে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
তবে পরিসংখ্যান বলছে আজ মাঠে রশিদ খানের মূল লড়াইটা হবে পারে রবীন্দ্র জাদেজার সঙ্গে। মানে দুই স্পিনারের দ্বৈরথ।

১৮৭টি ওয়ানডেতে ২০৭ উইকেট নেওয়া জাদেজার বিশ্বকাপে শিকার ১১ ম্যাচে ১৪ উইকেট। এবার ঘরের মাটির বিশ্বকাপটা জাদেজা শুরু করেছেন অসাধারণ। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে গুঁড়িয়ে দিতে জাদেজা নিয়েছিলেন ৩ উইকেট। অন্যদিকে রশিদ খান ৯৫টি ওয়ানডেতেই নিয়েছেন ১৭২ উইকেট।

তবে বিশ্বকাপ পরিসংখ্যানটা তার নামের সঙ্গে বড় বেমানান। বিশ্বকাপে ১০ ম্যাচে তার শিকার মাত্র ৬ উইকেট! এই ৬টি উইকেটই আফগানিস্তানের তারকা স্পিনার নিয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে। এবার বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেটের মুখ দেখতে পারেননি তিনি। ৯ ওভারে ৪৮ রান দিয়ে তাকে থাকতে হয় উইকেটশূন্য।

একইভাবে ভারতের বিপক্ষে মুখোমুখি সাক্ষাতেও রশিদ খানের পরিসংখ্যানটা রশিদ খান সুলভ নয়। ওয়ানডেতে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে তার শিকার মাত্র ৩ উইকেট। অন্যদিকে রবীন্দ্র জাদেজাও আফগানদের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছেন। সেই দুই ম্যাচে তার শিকার ৭ উইকেট। মানে এখানেও জাদেজার পেছনে রশিদ খান। তবে রশিদ খানের সামর্থ আছে স্বরূপে জ্বলে উঠে একাই ম্যাচের রং পালটে দেওয়ার। আইপিএল সুবাদে ভারতীয়রা সেটা ভালো করেই জানে। জ্বলে উঠার জন্য আজ মঞ্চটাও ভালো পাচ্ছেন রশিদ খান।

স্পিন স্বর্গরাজ্য ভারতের স্টেডিয়ামগুলোর মধ্যে দিল্লির মাঠগুলোতেই স্পিন বেশি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অতীত অন্তত সেটাই বলে। তবে এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত একমাত্র যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার সেই ম্যাচে রাজত্ব করেছেন ব্যাটসম্যানরা। তারপরও আজ দিল্লিতে জাদেজা-রশিদ খানের স্পিন যুদ্ধ হতে পারে জমজমাট।

রবীন্দ্র জাদেজা

বোলিং: ১৭৯ ইনিংস, ২০৭ উইকেট, সেরা- ৫/৩৬
ব্যাটিং: ১২৭ ইনিংস, ২৬৩৬ রান, সর্বোচ্চ ৮৭ রান

রশিদ খান

বোলিং: ৯০ ইনিংস, ১৭২ উইকেট, সেরা ৭/১৮
ব্যাটিং:৭৬ ইনিংস, ১২২০ রান, সর্বোচ্চ ৬০* রান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *