School: শুধু নম্বর নয়, রেজাল্টে থাকবে আরও নতুন বিষয়, বড় উদ্যাগ নিলো শিক্ষা দফতর

সারা বছরের কঠোর পরিশ্রমের পর স্কুলের ফলাফল প্রকাশের সময়, অভিভাবকদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে তাদের সন্তানের নম্বর নিয়ে। অঙ্কে কত পেয়েছে? ভূগোলে কত পেয়েছে? ইংরেজির নম্বরটা কিন্তু অনেকটা কমে গিয়েছে! এই প্রশ্নগুলোই ফি বছর অভিভাবকরা করেন।
কিন্তু এবার এই প্রশ্নগুলোর সঙ্গে আরও কিছু প্রশ্ন যোগ হতে পারে। স্কুলে তুই মেলামেশা করিস না কেন? নিজের কথা বলতে গিয়ে কি তোর কোথাও সমস্যা হয়? গান-গল্প-কবিতায় তো দারুণ পারফরম্যান্স রে তোর… এতে আরও ভালো করতে হবে!
রাজ্য স্কুলশিক্ষা দফতর এই ন্যারেটিভটা পাল্টাতে উদ্যোগী হয়েছে। তারা চাইছে সরকারি স্কুলের পড়ুয়াদের রিপোর্ট কার্ড বা রেজাল্টে শুধু কে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, তা বসিয়ে দিলেই হবে না। রিপোর্ট কার্ড হতে হবে হোলিস্টিক বা সার্বিক।
এই সার্বিক রিপোর্ট কার্ডে থাকবে পড়ুয়াদের মনের খবর, কমিউনিকেশন, কগনিটিভ স্কিলে কারা কেমন, এমনকী কো-কারিকুলার অ্যাক্টিভিটি মানে গান, গল্প, কবিতা, খেলাধুলোয় কার কতটা ট্যালেন্ট— সব কিছু।
এই দিয়েই তৈরি হবে হোলিস্টিক রিপোর্ট কার্ড। বেড়ে ওঠার প্রসেসে একজন পড়ুয়া সার্বিক ভাবে কতটা এগোতে পারছে— রিপোর্ট কার্ড বা রেজাল্ট জানাবে সেই কথা।
রাজ্যের শিক্ষানীতিতে এই প্রস্তাব দেওয়া হয়েছে বিশেষজ্ঞ কমিটির তরফে। সূত্রের খবর, তা কার্যকর করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। গত সপ্তাহে স্কুলের শিক্ষকদের থেকে বর্তমানে যে পরীক্ষা ব্যবস্থা (কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন) চালু রয়েছে, তার বিভিন্ন দিক নিয়ে ফিডব্যাক চাওয়া হয়েছে।
শিক্ষকরা কী বোঝেন, তাতে আরও কি সংযোগ বা বিয়োগ করা দরকার তার সাজেশন চাওয়া হয়েছে। সেই মতামত উঠে আসার পরই ফের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে চূড়ান্ত পদক্ষেপ করবে শিক্ষা দফতর।
রাজ্যের শিক্ষানীতির বিশেষজ্ঞ কমিটির প্রধান অভীক মজুমদারের কথায়, ‘প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত এই হোলিস্টিক রিপোর্ট কার্ড চালু করার সুপারিশ করা হয়েছিল। কো-কারিকুলার অ্যাক্টিভিটি থেকে পড়ুয়াদের মন, মস্তিষ্ক, কমিউনিকেশন, মূল্যবোধ সব কিছুকেই এর আওতায় আনার সুপারিশ করা হয়েছে।’