‘অনুমতি না থাকলে কি করে পুজো হচ্ছে?’-হাইকোর্টে ফের প্রশ্নের মুখে পুলিশ

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর আর কয়েকদিন বাকি। কিন্তু এবারও অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে পুজো কমিটিগুলি। চলতি বছর নতুন করে দুর্গাপুজো করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেছিল হিন্দু সেবা দল। সেই মামলার শুনানিতেই পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
মামলার শুনানিতে মামলাকারীরা রাজ্যের দলিলকে চ্যালেঞ্জ করে তথ্য তুলে ধরে দেখায় রাজ্য বলছে নতুন কোনও পুজোর অনুমতি দেওয়া হয়নি, কিন্তু অনেক পুজো শুরু হয়েছে। তখন রাজ্য নিজেদের স্বপক্ষে বলেন, নতুন পুজোর আয়োজন হলেও তাদের অনুমতি দেওয়া হয়নি।
তাতে বিরক্ত আদালত বেআইনি ভাবে পুজো চলছে জেনেও কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না, তাই নিয়ে প্রশ্ন তোলে। আদালত বলে, “অনুমতি না থাকলে কি করে পুজো হচ্ছে? পুলিশ কেন বন্ধ করছে না। যখন জানাই আছে, এইগুলো বেআইনি পুজো!”
আদালত আরও নির্দেশ দেয়, আবেদনকারীদের পুজোর অনুমতির আর্জি ৪৮ ঘণ্টার মধ্যে বিবেচনা করতে হবে পুলিশ ও পুরসভাকে। এ বছর যদি একটিও নতুন পুজোর অনুমতি দেওয়া হয়ে থাকে তাহলে এদেরও অনুমতি দিতে হবে বলে কড়া নির্দেশ ডিভিশন বেঞ্চের।
উল্লেখ্য, এর আগে পুজোর অনুদান নিয়েও আদালতে দায়ের হয় মামলা। দুর্গাপুজোয় রাজ্যের ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা দেওয়ার সরকারি ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলায়ও আদালত সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে।
এই ঘটনায় পুজো কমিটিগুলির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, পুলিশের এমন উদাসীনতার কারণে অনেক পুজো কমিটিই দুর্গাপুজো করতে পারবে না।