Israel: যুদ্ধে বিপর্যস্ত গোটা দেশ, ১৫০০ হামাস যোদ্ধার মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলি সেনার

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রায় ১৫০০ যোদ্ধার মরদেহ পাওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ইসরায়েলের অভ্যন্তরে এবং গাজা উপত্যকার আশেপাশে এসব যোদ্ধার মরদেহ পাওয়া গেছে।
ইসরায়েলের সামরিক মুখপাত্র রিচার্ড হেচট সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকা সীমান্তে মোটামুটি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।

তিনি বলেন, গত রাত থেকে আমরা জানি যে, কোনো হামাস যোদ্ধা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকতে পারেনি। তবে এখনো অনুপ্রবেশ ঘটতে পারে।

গত শনিবার ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জেরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা আক্রমণে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৯০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

এর আগে সোমবার (৯ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা দেন। সেখানে খাবার, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। কর্তৃপক্ষ সতর্ক করেছে, ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকার জ্বালানি শেষ হয়ে যাবে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ সতর্ক করে বলেছে, অবশিষ্ট জ্বালানি দিয়ে হাতে গোনা কয়েক দিন মাত্র চলা যাবে। এমনকি সর্বশেষ নিষেধাজ্ঞার আগেও, গাজার বাসিন্দারা আগে থেকেই ব্যাপক খাদ্য নিরাপত্তাহীনতা, চলাচলে বিধি-নিষেধ ও পানির সংকটে ভুগছিল।

হামাসের সশস্ত্র গোষ্ঠী আল-কাশেম ব্রিগেডস হুমকি দিয়েছে, গাজায় বোমা হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষ হত্যা বন্ধ না করলে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই জিম্মি ইসরায়েলিদের মেরে ফেলা হবে।