DURGA: দূর্গা পুজোয় পদ্ম-ঘাটতির ভয়, জোগানে ভরসা প্রতিবেশী রাজ্যই

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় পদ্মফুল একটি অপরিহার্য উপকরণ। কিন্তু এবার পদ্মফুলের সংকটে পড়েছেন ফুলচাষিরা। প্রকৃতির খেয়াল পরিবর্তনের কারণে পদ্মের ফলন কম হয়েছে। ফলে, বাঙালির পুজোয় এবার পদ্মফুলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পদ্মফুলের প্রধান উৎপাদক জেলাগুলি হল পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া। এই জেলাগুলিতে প্রায় এক কোটি পদ্মের চাহিদা মেটানোর জন্য সারাবছর পদ্ম চাষ করা হয়।

সারা বাংলা ফুলচাষি ও ফুল-ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নায়ায়ণচন্দ্র নায়ক বলেন, “পদ্মের ফলনের জন্যে বর্ষায় টানা বৃষ্টি খুব দরকার। কিন্তু এ বছর বর্ষায় তেমন বৃষ্টি হয়নি। আবার গত ১৫ দিন তুমুল বৃষ্টি হয়েছে। এর ফলে প্রথমে পদ্মর ফলন মার খেয়েছে, তার পর শেষ পর্যায়ের পদ্ম নষ্ট হয়েছে। এ বার উপযুক্ত পরিমাণ পদ্মের জন্যে আমরা ভিন-রাজ্যের ভরসায় রয়েছি।”

মল্লিকঘাটের ফুলের ব্যবসায়ীরা বলছেন, “বাইরে থেকে পদ্ম আনতে হলে ওডিশা বা বেঙ্গালুরু থেকে আনতে হবে। ওডিশার পদ্ম মাপে বাংলার অর্ধেক। এই পদ্মের রং সাদা। অন্য দিকে বাংলার পদ্ম গোলাপি।”

ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত কলকাতার মল্লিকঘাট বাজারে এক-একটি পদ্ম বিক্রি হচ্ছে ১০-১২ টাকায়। পুজোর সময় সেটাই ৩০-৩৫ টাকায় পৌঁছবে বলে মনে করছেন ফুলচাষিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *