OMG! ঝাঁপ দিতে মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, দেখে আতঙ্কিত যাত্রীরা

মাঝ আকাশে প্লেনের জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেছেন এক যাত্রী। এ ঘটনায় অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই প্লেনের ক্রু সদস্যরা ছুটে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন।

বৃহস্পতিবার বিকেলে গুয়াহাটি থেকে আগরতলাগামী ইন্ডিগো প্লেনে এই ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে বিশ্বজিৎ দেবনাথ নামে ঐ ব্যক্তি আগরতলার প্লেনের ওঠেন।
সহযাত্রীরা জানান, নিজের আসনে বসে অস্বাভাবিক আচরণ করছিলেন ঐ যাত্রী। প্লেনটি আগরতলা নামার কিছুক্ষণ আগে হঠাৎ সে আকাশে ঝাঁপ দেয়ার জন্য বিমানের জরুরি বহির্গমন দরজা খুলতে যান। সঙ্গে সঙ্গে অন্য যাত্রীরা এবং বিমানের ক্রু সদস্যরা ঐ ব্যক্তিকে আটকান। কিছুটা ধস্তাধস্তির পর তাকে কাবু করা সম্ভব হয়।

প্লেনটি আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার পর ঐ যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আগরতলার এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, ঐ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কয়েকমাস আগে হায়দ্রাবাদ থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি প্লেনে একই ঘটনা ঘটেছিল। ঐ সময়েও অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়। গত এপ্রিলে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর একটি বিমানে এক নেশাগ্রস্ত যাত্রী মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা করেন। বেঙ্গালুরু পৌঁছনোর পর অভিযুক্তকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়।