NASA: পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘২০২৩ ডিডব্লিউ’ গ্রহাণু, চিন্তা বাড়ছে বিজ্ঞানীদের

বিশালাকার এক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যার নাম ‘২০২৩ ডিডব্লিউ’। সুইমিং পুলের আকারের এই গ্রহাণুটির আগামী ২৩ বছরের মধ্যে পৃথিবীর বুকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার অনুমান, ২০৪৬ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রহাণুটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। ২০২৩ ডিডব্লিউ গ্রহাণুটির আকার একটি সুইমিং পুলের আকারের। এর ব্যাস ৪৯.২৯ মিটার। পৃথিবী থেকে গ্রহাণুটির দূরত্ব প্রায় ১৮ লক্ষ কিলোমিটার।

নাসার বিজ্ঞানীরা অবশ্য এখনও এই গ্রহাণুটি নিয়ে গবেষণা চালাচ্ছেন। বিজ্ঞানীদের একাংশের মতে, পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির ধাক্কা না-ও লাগতে পারে। যদি ২০২৩ ডিডব্লিউ পৃথিবীর বুকে আছড়েও পড়ে, তা হলেও এর প্রভাব ডাইনোসরদের নিশ্চিহ্ন করে দেওয়া গ্রহাণুর মতো হবে না।

নাসা জানিয়েছে, ২০২৩ ডিডব্লিউ গ্রহাণুটির পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা ৫৬০ ভাগের একভাগ। যদিও বর্তমানে পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুর তালিকা বা ‘টরিনো ইমপ্যাক্ট হ্যাজার্ড স্কেল’-এ এটি পয়লা নম্বরে রয়েছে। ‘টরিনো ইমপ্যাক্ট হ্যাজার্ড স্কেল’-এ ঝুঁকিপূর্ণ গ্রহাণুগুলোকে শূন্য থেকে দশের মধ্যে নম্বর দেওয়া হয়। নম্বর শূন্য হলে পৃথিবীর জন্য সেই গ্রহাণু একেবারেই ঝুঁকিপূর্ণ নয়।

নাসার ‘জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল)’ বলছে, র‌্যাংক-১ এর অর্থ হল পৃথিবীর সঙ্গে গ্রহাণুর সংঘর্ষের আশঙ্কা থাকলেও তা খুবই কম। পাশাপাশি, জনসাধারণের উদ্বেগের কোনও কারণ নেই বলেও জেপিএল জানিয়েছে। সূত্র: এবিপি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *