ফোনে কথা বলার সময় ট্যাবলেট ভেবে গিলে ফেলেন এয়ারপড,ছুটলেন চিকিৎসকের কাছে

ফোনে কথা বলার সময় অনেকটা অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন তিনি। এর মধ্যে ভুল করে ট্যাবলেট মনে করে জল দিয়ে গিলে ফেলেন ব্লুটুথ এয়ারপড। বিচিত্র এই ঘটনা ঘটিয়েছেন তান্না বার্কার নামের এক নারী। কথা বলতে বলতে ভিটামিনের বড়ি খেতে গিয়েছিলেন। পাশেই ছিল দুটি ব্লুটুথ এয়ারপড। ভুলে ওষুধের বদলে হাতে তুলে নেন একটি এয়ারপড। এরপর গিলে ফেলেন সেটি। কিছুক্ষণ পর বুঝতে পারেন বড় ভুল করে ফেলেছেন।

তান্নার বাড়ি যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে। ঘরবাড়ি কেনাবেচা তার কাজ। বয়স আনুমানিক ৫২ বছর। শুক্রবার বাড়িতে ওষুধ খাওয়ার সময় এই বিড়ম্বনায় পড়েন তান্না। এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলেন। তাই অন্যমনস্ক ছিলেন। এর মধ্যে ভুল করে এই কাণ্ড ঘটান। তান্না জানান, বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে ওষুধ খেতে গিয়ে পাশে পড়ে থাকা একটি এয়ারপড হাতে তুলে নিয়েছিলেন তিনি। পরে তা খেয়ে ফেলেন। কথা বলতে বলতে বুঝতে পারেন, পাশে ভিটামিন বড়ি রয়ে গেছে। আর এয়ারপড চলে গেছে পেটে। ওই এয়ারপড তার স্বামী ব্যবহার করতেন। এ ঘটনা দ্রুত স্বামীকে জানান তিনি। পরে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হন। তবে পুরো ঘটনাটি জানিয়ে একটি ভিডিও বানান তান্না। ভিডিওটি তিনি টিকটকে পোস্ট করেন। ২০ লাখের বেশি মানুষ তান্নার ওই ভিডিও দেখেছেন।

যদিও এয়ারপড খেয়ে ফেলেও শারীরিক কোনো সমস্যায় পড়তে হয়নি তান্নাকে। তিনি জানান, চিকিৎসক তার কাছে জানতে চেয়েছিলেন, তিনি দুটি এয়ারপড খেয়ে ফেলেছেন কিনা? তিনি জানান, দুটি নয়, একটি এয়ারপড তার পেটে গেছে। এতে চিকিৎসক হাঁপ ছেড়ে বাঁচেন। কেননা দুটি এয়ারপড পেটে গেলে সেটার চুম্বক সমস্যা করতে পারে। চিকিৎসক তান্নাকে বলেছিলেন, প্রাকৃতিক উপায়ে এয়ারপড তার শরীর থেকে বের হয়ে যেতে পারে। বাস্তবে সেটাই হয়েছে। স্বাভাবিক উপায়ে পায়ূপথ দিয়ে এয়ারপডটি বেরিয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *