পদ্মার ইলিশ রাজ্যে আসছে চলতি সপ্তাহেই! বাজারে কি সস্তা হবে দাম? জেনেনিন বিস্তারিত

বাংলাদেশ সরকারের অনুমতি পেয়ে চলতি সপ্তাহেই ভারতে আসতে চলেছে বাংলাদেশের ইলিশ। পদ্মা ও মেঘনা থেকে ধরা এই ইলিশ কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানো হবে।
সূত্রের খবরে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই বাংলাদেশের ইলিশ রফতানি শুরু হতে পারে। ফলে পুজোর মরশুমের ঠিক শুরুতেই বাঙালির মুখে হাসি ফুটবে।
বিশ্বকর্মা পুজোর পরেই বাজারে পদ্মার ইলিশ পাওয়া যেতে পারে। প্রতি বছরই বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানিতে অনুমতি দেয়। কারণ ওপার বাংলার রুপোলি শস্যের চাহিদা এরাজ্যে সবচেয়ে বেশি।
২০২২ সালে বাংলাদেশ সরকারের তরফে 2900 টন ইলিশ মাছ আনার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এই আনার মেয়াদ ছিল মাত্র 30 দিন। ফলে সব ইলিশ মাছ ভারতে আনা সম্ভব হয়নি ব্যবসায়ীদের পক্ষে। রিপোর্ট বলছে, 2900 টনের অনুমতি থাকলেও গতবার রাজ্যে আনা সম্ভব হয়েছিল মাত্র 1300 টন ইলিশ।
তার আগের বছর অর্থাৎ ২০২১ সালে 4600 টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের তরফে। কিন্তু সেই বছরেও মাত্র 1200 টন ইলিশ আনতে পেরেছিল এরাজ্যের ব্যবসায়ীরা।
তবে এ বছরে বাংলাদেশ বাণিজ্যমন্ত্রকের তরফে ঠিক কতটা পরিমাণ ইলিশ রফতানিতে অনুমতি দেওয়া হয়েছে, সে বিষয়ে জানা না গেলেও, বিশেষ সূত্রে দাবি, তা আগের বছরের চেয়ে বেশি তো হবেই। এমনকি 2021 সালের 4600 টনের চেয়েও বেশি হতে পারে।
অন্যদিকে, এই রাজ্যের ইলিশ ব্যবসায়ীরা চাইছেন পরিমাণ আগের মতো দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ইলিশ আনার সময়সীমার মেয়াদ বৃদ্ধি করা হয়। জানা গিয়েছে, বেশ কয়েকটি মাছ ব্যবসায়ী সংগঠন ইতিমধ্যেই এ বিষয়ে অনুরোধ করে বাংলাদেশ সরকারকে চিঠিও লিখেছে। তাঁদের আবেদনে সাড়া দিয়ে যদি সময়সীমার মেয়াদ বৃদ্ধি পায়, তবে নিঃসন্দেহে তা হবে রাজ্যবাসীর কাছে সবচেয়ে বড় সুখবর।
বাঙালির কাছে ইলিশ মানেই রুপোলি শস্য। পদ্মা ও মেঘনা থেকে ধরা ইলিশের স্বাদ অন্যরকম। এই ইলিশের দামও অন্য মাছের চেয়ে তুলনামূলক বেশি।
এবারও পদ্মার ইলিশের দাম 1000 টাকার বেশিই হতে পারে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে 1200- 1500 টাকা প্রতি কেজি দামে বিক্রি হতে পারে পদ্মার ইলিশ।
অবশ্য, ইলিশের দাম নির্ভর করে এর আকার ও মানের উপর। বড় ও ভালো মানের ইলিশের দাম বেশি হবে।
বাংলাদেশ থেকে ইলিশ আসার খবরে বাঙালির মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। অনেকেই ইতিমধ্যেই ইলিশ কেনার জন্য বাজারের দিকে তাকিয়ে আছেন।