“বিজেপি ভয় পেয়েছ নড়বড়ে টাইটানের মতো, এটাই ইন্ডিয়ার ক্ষমতা,”

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতে টুইটারে বিজেপি ও ইডির বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি ভয় পেয়েছে, এনডিএ ভয় পেয়েছে। নড়বড়ে টাইটানের মতো ভয়ের ধাক্কা তাদের ভিত নড়িয়ে দিয়েছে। এটাই ইন্ডিয়ার ক্ষমতা।”

এদিন সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য। আজ বলছি মাইনাস ২, শুধু শুধু সময় নষ্ট। যাঁরা ইডিতে কাজ করেন, তাঁদের কোনও দোষ দেখি না, তাঁরা কর্তব্য পালন করছেন। রাজনৈতিক প্রভুদের খুশি করতে অনেক সময়, অনেক কাজ ইচ্ছের বিরুদ্ধে গিয়েই করতে হয়। তাঁদের কারও উপর আমার রাগ নেই। সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। জানি ভোট এলে আবার ডাকবে। আবার ২ মাস পরে ডাকবে। তখন মাইনাস ৪ হবে।”

লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মিডিয়ার হাওয়া তুলেছে, যেন এসএসসি নিয়োগ দুর্নীতির সব টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে। লিপস অ্যান্ড বাউন্ডসে ১০ পয়সা ঢুকেছে প্রমাণ করে দেখান!”

আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “প্রমাণ থাকলে ইডি আমাকে গ্রেফতার করুক, আমি চাই আমাকে গ্রেফতার করুক, তাহলে আমার বয়ান আদালতে জমা দিতে হবে। সবাই দেখতে পাবেন কী বলেছি আমি, তাহলেই সবাই বুঝতে পারবেন আসল ঘটনাটা কী।”

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্ত চলছে। এর আগে কয়লা দুর্নীতি, গোরু পাচার মামলায়ও ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *