বিদ্যুৎ ব্যবহারে গুণতে হচ্ছে বাড়তি টাকা? বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন ইউনিটের দাম

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুতের দাম বাড়ানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, রাজ্যের তরফে কোনও মাশুল বাড়ানো হয়নি। ফিক্সড চার্জ বাবদ যে অর্থ বৃদ্ধি করা হয়েছে তা পুরোপুরি নিয়মের জন্য এবং সেই অঙ্কও যৎসামান্য। ফলে কোনও গ্রাহককে এর জন্য ভোগান্তি পোহাতে হবে না।
একাধিক গ্রাহকের তরফে বিদ্যুতের বিল বেশি আসার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, মিটারে যদি কোনও সমস্যা থাকে বা কোনও ভুল রিডিং হয়ে থাকে সেই সময় সমস্যা তৈরি হতে পারে। কিন্তু, তা যদি সংশ্লিষ্ট দফতরের নজরে আসে সেক্ষেত্রে তা অ্যাডজাস্ট করে দেওয়া হয়। অর্থাৎ গ্রাহকদের উপর কোনওভাবেই বাড়তি চাপ পড়ে না।
২০১৬ সাল থেকে বাংলায় বিদ্যুৎ মাশুল অপরিবর্তিত আছে। এখনও তা প্রতি ইউনিটে এক এবং অপরিবর্তত (ইউনিট প্রতি ৭ টাকা ১২ পয়সা)। পাশাপাশি অন্যান্য রাজ্যের তুলনায় তা বাংলায় অনেকটাই কম। কারণ গত এক বছরে সংশ্লিষ্ট রাজ্যগুলি বিদ্যুতের মাশুল বৃদ্ধি করেছে। আর এর প্রভাব পড়েছে গ্রাহকদের পকেটের উপরে।
বিদ্যুৎমন্ত্রী বলেন, নির্দিষ্ট চার্জ বাবদ যা মাশুল বেড়েছে তা অত্যন্ত অল্প। পাশাপাশি এই সামান্য অঙ্ক বৃদ্ধি করলেও এনার্জি চার্জ কমানো হয়েছে। এর ফলে গ্রাহকরা অনেকটাই স্বস্তি পেয়েছেন।
বিরোধীদের দাবি উড়িয়ে দিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, “বিরোধীদের দাবি আদৌ সত্য নয়। রাজ্যের তরফে কোনও মাশুল বাড়ানো হয়নি।”