জম্মু কাশ্মীরে এনকাউন্টার, দেশের জন্য প্রাণ দিল সেনার কুকুর, মারা গেলো জঙ্গি, শহীদ ১ জওয়ান

জম্মু-কাশ্মীরের রাজৌরির নারোলারে সেনা-জঙ্গি সংঘর্ষে শহীদ হয়েছেন এক জওয়ান। এছাড়াও, নিহত হয়েছেন এক জঙ্গি। এনকাউন্টারে এক সারমেয়রও আত্মত্যাগ করেছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নারোলারের একটি গ্রামে ‘অপারেশন সুজলিগরা’ অভিযান চালায় ভারতীয় সেনারা। অভিযানে প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়র কেন্ট জঙ্গিদের গন্ধ শুঁকে জওয়ানদের কলামকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। এরপরই জঙ্গিদের ঘাঁটিতে ঢুকে পড়ে ভারতীয় সেনারা। শুরু হয় গুলিবর্ষণ।
গুলিবর্ষণের মধ্যে এক সেনা জওয়ানকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় সারমেয়রের। এছাড়াও, ওই এনকাউন্টারে শহীদ হন জওয়ান জাসবিন্দর সিং। মৃত্যু হয় এক পাকিস্তানি জঙ্গিরও। তাছাড়া, আরও দুই সেনা জওয়ান এবং একজন স্পেশাল পুলিশ অফিসার জখম হয়েছেন।
জম্মু জোনের অতিরিক্ত ডিজিপি মুকেশ সিং বলেন, “সোমবার রজৌরির পত্রারা অঞ্চলে দু’জন সন্দেহভাজনের গতিবিধির লক্ষ্য করা যায়। এরপরই অভিযান শুরু হয়। জঙ্গিরা পালিয়ে নারলা গ্রামের দিকে চলে যায়। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু সেখানেই হামলার মুখে পড়ে সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। এই এনকাউন্টারে একজন জঙ্গির মৃত্যু হয়েছে। শহিদ হয়েছেন এক জওয়ান। গুলিবিদ্ধ হয়ে আরও দুই জওয়ান এবং এক স্পেশাল পুলিশ অফিসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
তিনি আরও বলেন, “তবে একজন জঙ্গিকে খতম করা গেলেও আর একজন পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে মৃত জঙ্গির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে, যেখানে জামাকাপড় সহ আরও বেশ কয়েকটি অস্ত্র পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, নাশকতার ছক কষে পাকিস্তান থেকে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করেছিল ওই দুই জঙ্গি। পলাতক জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চলছে।”