রাশিয়াকে পরাস্ত করতে, ইউক্রেনকে আরো উন্নত অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র,

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য পশ্চিমা বিশ্বের কাছ থেকে আরো উন্নত ও শক্তিশালী অস্ত্রশস্ত্র এবং সামরিক অভিযান চাইছে ইউক্রেন। তবে সেই আবেদন খতিয়ে দেখে শেষ পর্যন্ত ইতিবাচক সাড়া দিতে অনেক সময় নিচ্ছে একাধিক দেশ। ফলে যুদ্ধক্ষেত্রে সাফল্য পেতে বিলম্ব ঘটছে বলে ইউক্রেন দাবি করছে।
এবার অতীতের সংশয় ঝেড়ে ফেলে দেশটিকে আরো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, মার্কিন প্রশাসন দ্রুত সেই ছাড়পত্র দিতে চলেছে।

মার্কিন সামরিক বাহিনীর কাছে এটিএসিএমস এবং জিএমএলআরএস নামের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি করতে সক্ষম। প্রথমটি ৩০৬ কিলোমিটার পর্যন্ত দূরত্বে এবং দ্বিতীয়টি ৭২ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। লক্ষ্যবস্তুর উপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ব্যাপক ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে এই দুই মিসাইল।

রয়টার্স বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্ভবত দুটির মধ্যে একটি অথবা দুটি ক্ষেপণাস্ত্রই ইউক্রেনের হাতে তুলে দিতে পারে। সম্প্রতি আমেরিকার পাঠানো ক্লাস্টার বোমা কাজে লাগিয়ে ইউক্রেনের সেনাবাহিনী বেশ সাফল্য পেয়েছে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, জার্মানির কাছ থেকেও আরো উন্নত অস্ত্র চাইছে ইউক্রেন। মার্কিন প্রশাসনের দেখাদেখি জার্মানিও সেই ডাকে সাড়া দেবে বলে দেশটি আশা করছে।

তবে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস বলেছেন, আমেরিকা ইউক্রেনকে এটিএসিএমএস মিসাইল দিলেই বার্লিন টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে- এমন কোনো বাধ্যবাধকতা নেই।

তার মতে, যুদ্ধের ক্ষেত্রে কোনো ‘স্বয়ংক্রিয়’ সিদ্ধান্ত থাকতে পারে না। জার্মানি বিষয়টি এখনো খতিয়ে দেখছে। যুদ্ধবিমান থেকে ৫০০ কিলোমিটার দূরে টাউরুস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় বলে ইউক্রেন সেটি পেতে গভীর আগ্রহ দেখাচ্ছে।

রাশিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কাজে লাগিয়ে ইউক্রেনে এমনকি বেসামরিক লক্ষ্যবস্তুর উপর আঘাত করছে দাবি করে ইউক্রেনও এমন অস্ত্র চাইছে। এখনো পর্যন্ত ব্রিটেন স্ট্রম শ্যাডো ও ফ্রান্স স্ক্যাল্প নামের ক্রুজ মিসাইল সরবরাহ করেছে দেশটিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *