“হেলমেট ছাড়া দেখালে তেজ, জওয়ান-এর কপালেও ব্যান্ডেজ’”-সচেতনতা প্রচারে এবার শাহরুখের ‘জওয়ান’!

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’ মুক্তি পাওয়ার পর থেকেই তার ভাইরাল লুক নিয়ে তোলপাড় চলছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সচেতনতা প্রচারে উদ্যোগী হয়েছে বিভিন্ন সংস্থা।

পূর্ব রেল, কলকাতা পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশ কিং খানের এই লুকটি ব্যবহার করে ট্রেনে ওঠার সময় দরজা থেকে ঝুললে এবং হেলমেট ছাড়া বাইকে চড়ার ক্ষেত্রে সতর্কতামূলক বার্তা প্রচার করছে।

পূর্ব রেলের তরফে তৈরি করা একটি সচেতনতামূলক পোস্টারে দেখা যাচ্ছে, একটি প্ল্যাটফর্মে লোকাল ট্রেন ঢুকছে, সামনে দাঁড়িয়ে ব্যান্ডেজ বাঁধা শাহরুখ। তলায় ইংরেজিতে বড় বড় হরফে লেখা, ‘ট্রেনের দরজা থেকে ঝুললে আপনারও এমন অবস্থা হতে পারে।’

কলকাতা পুলিশ শাহরুখের ব্যান্ডেজ বাঁধা মুখচ্ছবি ব্যবহার করে পোস্টারে ছন্দ মিলিয়ে লিখেছে, ‘হেলমেট ছাড়া দেখালে তেজ, জওয়ান-এর কপালেও ব্যান্ডেজ’।

উত্তরপ্রদেশ পুলিশও কিং খানের এই ‘সিগনেচার লুক’ হাতিয়ার করেছে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা প্রচারে। ওই ছবি দিয়ে উত্তরপ্রদেশ পুলিশ বলছে, ‘এমন অবস্থা এড়াতে হেলমেট পরুন।’ তার নীচেই একটি হেলমেটের ছবি। বার্তা খুব স্পষ্ট। হিন্দিতে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, ‘আপনি জওয়ান হন বা বৃদ্ধ, বাইকে বসার আগে হেলমেট পরতে ভুলবেন না।’

এই সচেতনতা প্রচারাভিযানের প্রশংসা করেছেন অনেকে। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।