ছাত্রকে ওঠবস করানোয় রেগে গেলেন অভিভাবক, স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক মার

হাওড়ার শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে ক্লাসে ছাত্রকে শাসন করার জের ধরে শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগে অভিভাবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে পিছনের বেঞ্চে বসা এক ছাত্র অমনযোগী থাকায় শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস তাকে বকাঝকা করেন। ছাত্রকে ওঠবস করার নির্দেশও দেন ওই শিক্ষক। কিন্তু ছাত্র শিক্ষকের নির্দেশ অমান্য করে বসে থাকে। এরপর ওই শিক্ষক ছাত্রকে কানমলা দেন।

ক্লাস শেষে শিক্ষক বেরিয়ে যাওয়ার পর ওই ছাত্র স্কুলের বাইরে গিয়ে তার অভিভাবককে বিষয়টি জানায়। অভিভাবক দলবল নিয়ে বিদ্যালয়ে শিক্ষকের উপর চড়াও হয়ে তাঁকে ব্যাপক মারধর করেন।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন সমাজের সর্বস্তরের মানুষ। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র থেকে শুরু করে অন্যান্য অভিভাবকরাও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ প্রশাসন অভিযুক্ত অভিভাবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত অভিভাবকের নাম সুমন বিশ্বাস। তিনি শ্যামপুরের বাসিন্দা।

পুলিশ বাকি অভিযুক্তদেরও গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *