বিশেষ: বিশ্বের অন্যতম ধনী বেজোসের ঠাঁই এখন ভাড়া বাড়িতে, কোটি টাকায় কিনেছেন ভাঙা জিনিসও

পৃথিবীতে এমন জিনিস খুব কমই রয়েছে যে তার কাছে নেই। শখ মেটাতে কী না কেনেন তিনি! বাড়ি কিনে নজিরও গড়েছেন। তারপরেও বাড়ি ভাড়া নিতে হয় জেফ বেজোসকে। আর প্রতি মাসে সে জন্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা ভাড়া গুনতে হয় অ্যামাজন সিইওকে। সেই টাকা পান এক গায়ক।
জেফ বেজোসের শখ বেশ অদ্ভুত। কোটি কোটি টাকা খরচ করে ভাঙা জিনিসও কিনে ফেলেছেন বেজোস। এ বার সেই শখ মেটাতেই মাসে খরচ করছেন ৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ছয় কোটি টাকা। ওই টাকা দিয়ে ক্যালিফর্নিয়ার মালিবুতে সমুদ্রের পাড়ে একটি বাড়ি ভাড়া নিয়েছেন বেজোস। সঙ্গী লরেন স্যাঞ্চোজকে নিয়ে তিনি থাকছেন সেখানে।
ওই বাড়িটি আদতে আমেরিকার জ্যাজ স্যাক্সোফোন বাদক কেনি জির। পাশাপাশি কেনি কম্পোজার এবং প্রযোজক। ১৯৯৮ সালে বাড়িটি কিনেছিলেন কেনি। দাম পড়েছিল এক কোটি ২৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি টাকা। পরে ২০০০ সালে ওই মূল বাড়ির লাগোয়া আর একটি ছোট বাড়ি কিনে নেন কেনি। তার দাম ছিল ৩০ লাখ ডলার।
কেনির এই বাড়ি, যা ভাড়া নিয়েছেন বেজোস, তার আয়তন ৫ হাজার ৫০০ বর্গফুট। রয়েছে দুটি বেডরুম আর চারটি বাথরুম। বাড়িতে রয়েছে একটি রেকর্ডিং স্টুডিও। যার আয়তন ১ হাজার ৫০০ বর্গফুট। এ ছাড়াও সিনেমা দেখার জন্য একটি ছোটখাটো প্রেক্ষাগৃহ রয়েছে। বাড়ির পিছনে রয়েছে সুইমিং পুল, বিশাল বড় বাগান।
বাড়ির সঙ্গে রয়েছে ৩ হাজার ৫০০ বর্গফুটের অতিথিনিবাস। দোতলা ওই অতিথিনিবাসও কম বিলাসবহুল নয়। বাড়ির সঙ্গে লাগোয়া লিটল ডুম সৈকতেরও মালিকানা থাকবে মালিকের হাতেই। ওই সৈকতে বাড়ির বাসিন্দা ছাড়া আর কারও প্রবেশ নিষেধ।
সংবাদমাধ্যম জানিয়েছে, গত মার্চ থেকে মালিবুর এই বাড়ি ভাড়া নিয়েছেন বেজোস এবং স্যাঞ্চেজ। বাড়ির ভাড়া মাসে প্রায় পাঁচ কোটি টাকা হলেও, তাতে কোনো আসবাব ছিল না। সবটাই নতুন করে কিনে সাজিয়েছেন বেজোস। কেনির ব্যক্তিগত জিনিসপত্র একটি ঘরে রাখা রয়েছে। সেগুলো ব্যবহার করছেন না বেজোস।

২০২০ সালে বেজোস আমেরিকার শিল্পপতি তথা স্টুডিওর মালিক ডেভিড গেফেনের একটি বাড়ি কিনে নজির গড়েছিলেন। মনে করা হয়, তার আগে অত দাম দিয়ে কেউ কোনো বাড়ি কেনেনি। ওই বাড়ির দাম কত ছিল, তা অবশ্য প্রকাশ করা হয়নি।
১৯২৮ সালে তৈরি হয়েছিল বাড়িটি। ১৩ হাজার ৬০০ বর্গফুট জায়গা নিয়ে। বাড়িতে রয়েছে টেনিস কোর্ট, গল্ফের মাঠ, সুইমিং পুল, গাড়ি সারানোর গ্যারাজ। বাড়িলাগোয়া একটি অতিথিনিবাসও রয়েছে।
কয়েক মাস আগেই স্যাঞ্চেজের সঙ্গে বাগ্দান সেরেছেন বেজোস। শীঘ্র বিয়েও করবেন বলে খবর। বিয়ের আগে এই যুগল এখন ছুটি কাটাচ্ছেন বিভিন্ন দেশে। বেজোসদের এই সফরে সঙ্গ দিচ্ছেন পপস্টার কেটি পেরি এবং তার সঙ্গী নায়ক অরল্যান্ডো ব্লুম। একটি সংবাদমাধ্যমের দাবি, ক্রোয়েশিয়ার ডুবরোভনিকের রাস্তাতেও দেখা গিয়েছে বেজোস আর স্যাঞ্চেজকে। তখন সঙ্গী ছিলেন আমেরিকান গায়ক আশার।