জলপ্রকল্পে কোটি টাকার টেন্ডার দুর্নীতি!, বাঁশবেড়িয়া পুরসভার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের মামলা

হুগলি জেলার বাঁশবেড়িয়া পুরসভায় আমরুত জল প্রকল্পের কাজের জন্য টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে কোটি টাকার দুর্নীতির অভিযোগে বাঁশবেড়িয়া পুরসভার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। বাঁশবেড়িয়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রলয় মিত্র নামে এক বাসিন্দা এই মামলা দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, বাঁশবেড়িয়া পুরসভার ১,১২ ও ১৭ ওয়ার্ডের জন্য ১৪টি টেন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু এই টেন্ডারগুলিতে যোগ্যতা না থাকা সত্ত্বেও কিছু সংস্থাকে কাজ দেওয়া হয়েছিল। এছাড়াও, কাজ শেষ না হওয়া সত্ত্বেও পুরসভা এই সংস্থাগুলিকে পুরো টাকা পরিশোধ করেছে। প্রলয় মিত্রের দাবি, এই দুর্নীতির কারণে কোটি টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগ অস্বীকার করে বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেছেন, এই অভিযোগ মিথ্যা। তিনি বলেন, অভিযোগকারী পুরসভার একটি উদ্যানের গার্ড ছিলেন। আর্থিক তছরুপের কারণে এলাকার লোকের কাছে অনেক টাকা দেনা করে পালিয়ে যান। পরবর্তীকালে তিনি বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ হয়েছেন। তিনি যে অভিযোগ করেছেন তার কোনো বাস্তবতা নেই।

আদিত্য নিয়োগী আরও বলেন, আমরুত জল প্রকল্পের জন্য আটটি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছিল। এই কাজটি KMDA-এর তত্ত্বাবধানে হয়েছিল। সেই সময়ের পুরসভার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তৎকালীন পুরপ্রধান এবং আমরুত প্রকল্পের যিনি দায়িত্বে ছিলেন সম্রাট তালুকদারের বিরুদ্ধে আমরা তদন্ত কমিটি বসাই। সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর আমরা মগরা থানায় অভিযোগ দায়ের করি।

হাইকোর্ট ১২ সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *