শখের গাড়িতে আগুন ‘প্রতিদ্বন্দ্বী’-র! TMC নেতার ‘ভয়ে’ই কাঁপছেন তৃণমূল নেতা

রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার তৃণমূল বুথ সভাপতির গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতের বাপি মণ্ডলের বাড়ির পাশে বনমালীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাখা ছিল তাঁর চারচাকা গাড়ি। শুক্রবার রাত ১টা নাগাদ তৃণমূল নেতার প্রতিবেশী এক ব্যক্তি দেখতে পান চারচাকা গাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। তখনই বাপি ও তাঁর পরিবারকে খবর দেওয়া হয়।
বাপি মণ্ডলের অভিযোগ, খবর পেয়ে বাইরে বেরিয়ে তিনি স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রবীর মণ্ডলের কিছু অনুগামী বাইক নিয়ে সেখানে ঘোরাঘুরি করতে দেখেন। শুক্রবার রাতেই টেকনো সিটি থানায় মৌখিক অভিযোগ জানান বাপি মণ্ডল।
বাপি মণ্ডল বলেন, “ঘটনাটা খুবই দুঃখজনক। আমার শখের গাড়িতে যে এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হবে, তা কখনই ভাবতে পারি নি। এদের নিজের দলের লোক বলতে লজ্জা করে। দুদিন পর আমার বাচ্চার উপরও আক্রমণ করতে পারে। আমার স্ত্রী আতঙ্কে রয়েছেন। প্রবীর মণ্ডল ও তাঁর অনুগামীরা এই কাজ করেছে। আমি যুব তৃণমূল করি কেন, সেই কারণ আমার উপর ক্ষোভ।”
পুলিশ সূত্রে খবর, এর আগেও পঞ্চায়েত সদস্য প্রবীর মণ্ডল ও তাঁর অনুগামীরা বাপি মন্ডলকে তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। সেই ঘটনায় টেকনো সিটি থানায় অভিযোগও হয়েছিল।
অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য প্রবীর মণ্ডল বলেন, “সম্পূর্ণ মিথ্যা ঘটনা, আমার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এই গ্রামে আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি। ভোটের প্রাক্কাল থেকে এতদিন গাড়িটা রয়েছে কোনওদিন কিছু হল না, আজকে হঠাৎ করেই গাড়িতে আগুন লেগে গেল! সন্দেহের বসে কাউকে দোষারোপ করা ঠিক নয়। কোনও টেকনিক্যাল কারণেও আগুন লেগে থাকতে পারে।”
ঘটনার তদন্ত শুরু করেছে সিটি থানা পুলিশ।