G20: সহজেই রুখে দেবে পরমাণু-রাসায়নিক হামলা! কোন গাড়ি নিয়ে ভারতে আসছেন বাইডেন?

শুধু আর তিন দিন বাকি। তারপরই ভারতের মাটিতে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজধানী দিল্লিতে জি-২০ ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
এবারের সফরে সবচেয়ে বেশি গাড়ির কনভয়ে নিয়ে আসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মোট ৮০টি গাড়ি নিয়ে নয়াদিল্লিতে পা রাখার কথা রয়েছে তাঁর। যদিও এতো গাড়ি আনার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে মোদী সরকার। গাড়ির সংখ্যা কমিয়ে ৫০ করতে বলা হয়েছে। এর মধ্যে অবশ্য ‘দ্য বিস্ট’ বাদ যাচ্ছে না বলে জানা গিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট সাধারণত বিশেষ যে গাড়িটিতে চড়েন তার নাম ‘দ্য বিস্ট’। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই গাড়িতে রয়েছে একাধিক সুরক্ষা বলয়। প্রেসিডেন্ট বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সিক্রেট সার্ভিসের সদস্যের হাতে থাকে গাড়ির স্টিয়ারিং।
‘দ্য বিস্ট’-র জানালা পলিকার্বনেট দিয়ে তৈরি হওয়ায় তা পুরোপুরি বুলেটপ্রুফ। এছাড়া স্টিল, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম এবং সেরামিকস্-এর কম্বিনেশনে তৈরি হয়েছে গাড়িটির বডি। গুলি তো দূর অস্ত, রকেট লঞ্চার দিয়েও গাড়িটিকে উড়িয়ে দেওয়া একরকম অসম্ভব।
এছাড়া মার্কিন প্রেসিডেন্টের গাড়ির মধ্যে থাকে পাম্প অ্যাকশন শটগানস্। প্রয়োজনের সময় গাড়িটি থেকে কাঁদানে গ্যাসের শেল ফাটানোর সুব্যবস্থা রয়েছে। ‘দ্য বিস্ট’-র একেবারে সামনের অংশে রাখা হয়েছে একটি গ্রেনেড লঞ্চার। যা দিয়ে অনায়াসেই শত্রুকে ধ্বংস করতে পারবেন চালক।
তাই, এবারের ভারত সফরে ‘দ্য বিস্ট’-এ চড়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কিনা, তা নিয়ে জোর জল্পনা চলছে।