প্রেমের বিয়েতেও লাগবে মা-বাবার সম্মতি, আসছে নতুন আইন!

শুধু পরস্পরকে ভালোবেসে বিয়ে করতে চাইলেই হবে না, মা-বাবার সম্মতিও লাগবে। এমনই এক আইন আনতে উদ্যোগী হয়েছে ভারতের গুজরাট সরকার। এরইমধ্যে এ বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
গুজরাটের মুখ্যমন্ত্রী জানান, পতিদার সম্প্রদায়ের একটি অংশ প্রেমবিবাহে যেন মা-বাবার সম্মতি কার্যকর করা হয়, সেই বিষয়ে দাবি জানাচ্ছেন।
উল্লেখ্য, গুজরাটে ভোটের ক্ষেত্রে পতিদার সম্প্রদায়ের বড় ভূমিকা রয়েছে। তাদের এই দাবি মেনে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে আসন্ন লোকসভা নির্বাচনে শাসকদল সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে। তাই বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল পতিদারদের খুশি করার জন্য এই বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছেন।
জানা গিয়েছে, গত রোববার গুজরাটের মেহসানা জেলায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সেখানে তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হৃষিকেশ প্যাটেল আমাকে বলেছেন, এমন অনেক ঘটনা আছে যেখানে মেয়েরা বিয়ের জন্য পালিয়ে গিয়েছে। তাই প্রেমবিবাহের ক্ষেত্রে যদি মা-বাবার সম্মতি কার্যকর করে কোনো আইন তৈরি করা যায়। যদি সংবিধান এ বিষয়টি সমর্থন করে, তাহলে আমরা সমীক্ষা করতে পারি।
অন্যদিকে, এই বিষয়ে শাসকদলের সঙ্গে একমত বিরোধী কংগ্রেস দলের বিধায়ক ইমরান খেড়াওয়ালা। তিনি বলেন, যে সময় মা-বাবা সন্তানের অবহেলার শিকার, তখন সরকার সংবিধানের আওতায় প্রেমবিবাহ নিয়ে আইন আনার কথা বিবেচনা করছে। মুখ্যমন্ত্রী প্রেমবিবাহের ক্ষেত্রে মা-বাবার সম্মতি নিয়ে সমীক্ষা করার কথাও বলেছেন। বিধানসভা অধিবেশনে যদি মুখ্যমন্ত্রী এইরকম কোনও আইন তৈরির আবেদন জানান, তাহলে তার প্রতি আমার সমর্থন থাকবে।